
মো:ইরান মিয়া
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০ তলা হলের ছাদ ধসে অন্তত ছয় শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে দ্বিতীয় তলার ঢালাই চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনার প্রেক্ষিতে প্রক্টর ড. মাহবুবুর রহমান জানান, “চার থেকে ছয়জন শ্রমিক আহত হয়েছেন এবং একজনের অবস্থা বেশ গুরুতর।আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
বিকট শব্দে বিদ্রোহী হলের শিক্ষার্থীসহ অন্যান্য কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে প্রত্যক্ষদর্শীরা জানায়, “বিকেল চারটার দিকে ছাদের পূর্ব-দক্ষিণ অংশে ঢালাই শুরু হলে হঠাৎ কাঠামো দুলতে থাকে এবং মুহূর্তেই ভেঙে পড়ে। এতে উপরে কাজ করা শ্রমিকরা নিচে পড়ে গুরুতর আহত হন। তাদের কোমর, হাঁটু ও পিঠে আঘাত লেগেছে।” আহত শ্রমিকদের একজন বলেন, “দুপুরে ঢালাই কাজ শুরু হয়। বিরতির পর আবার কাজ চলছিল। এ সময় প্রায় ১৫ জন শ্রমিকের মধ্যে ১০ জন আহত হন।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান জানান, “ভৌত অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় নির্মিতব্য হলের পোর্চের ঢালাই চলাকালে এই দুর্ঘটনা ঘটে।”
তদন্ত কমিটিতে প্রক্টর ড. মাহবুবুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন—ড. মো. বখতিয়ার উদ্দিন, ড. মো. আশরাফুল আলম, মো. অলি উল্লাহ, সৈয়দ মোফাছিরুল ইসলাম এবং সদস্য-সচিব প্রকৌশলী মো. মাহবুবুল ইসলাম। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।