
ঢাবি প্রতিনিধি
মো সিফাতুল্লাহ তাসনীম
ভারী বৃষ্টিপাতে পানিবন্দী হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো। আজ শুক্রবার (১২ জুলাই) ভোর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে পানি জমে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল, জহুরুল হক হল, সূর্যসেন হল, এফ রহমান হল, শহীদুল্লাহ্ হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, কুয়েত মৈত্রী হলের সামনে পানি জমে চলাফেরায় মারত্নক সমস্যায় পড়েছেন শিক্ষার্থীরা। এমনকি শহীদুল্লাহ হলের নীচতলার গণরুমে ঢুকে পড়েছে পানি। এতে কিছু ছাত্রের বালিশ, তোষক,লাগেজ ইত্যাদি ভিজে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহনেওয়াজ হলের সামনের রাস্তায় প্রায় মাজা সমান পানি জমে আছে। আজিমপুর-নিউ মার্কেট এলাকায় পানি জমে থাকার কারণে ক্যাম্পাস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ও কুয়েত মৈত্রী হলের আবাসিক নারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, একটু বৃষ্টি হলেই পানি জমে থাকায় প্রায়ই আবদ্ধ হয়ে পড়েন শহীদুল্লাহ্ হল, ফজিলাতুন্নেছা মুজিব হল ও কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা। ড্রেনের অব্যবস্থাপনা, অপরিকল্পিত নগরায়ন ও স্থানীয় প্রশাসনের যথাযথ উদ্যোগের অভাবকে দায়ী করেন তারা।
মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী হাসিবুর রহমান বলেন, গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাওয়া প্রয়োজন ছিল। কিন্তু পানিতে আটকে পড়ার কারণে বের হতে পারছিনা। রিকশাওয়ালা মামারাও এ অবস্থায় অতিরিক্ত ভাড়া দাবি করছেন।