
জান্নাতুল বাকী
শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুর জেলার নকলা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে অননোমুদিত খাদ্য তৈরি করে বাজারজাত করার অপরাধে নকলা পৌরসভার জালালপুর মন্ডলপাড়া মহল্লার মেসার্স বন্ধু ফুড এন্ড বেকারির মালিক মো. হেকমত আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বেকারির মালিক মো. হেকমত আলী ওই মহল্লার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে ১৯ নভেম্বর রোববার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ সঙ্গীয় ফোর্সসহ ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ওই বেকারির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত তাকে অর্থদণ্ডাদেশ প্রদান করে। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা জনস্বাস্থ্যের হুমকি বিবেচনায় বিপুল পরিমান খাদ্যসামগ্রী জনসম্মুখে ধ্বংস করে দেয়া হয়।
জানা গেছে, মেসার্স বন্ধু ফুড এন্ড বেকারির সাইনবোর্ডে প্রোপাইটর (স্বত্বাধিকারী) হিসেবে জনৈক মো. দেলোয়ার হোসেনের নাম ব্যবহার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।