
কুলিয়ারচর প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কুরআন খতম ও গণ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আসর কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কুরআন খতম ও গণ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির নেতা-কর্মী, সমর্থক, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ), কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শরীফুল আলম। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি সকল নেতাকর্মীকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি, উন্নতি এবং অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।