
সায়মা আক্তার, ক্যাম্পাস প্রতিনিধি
রাজধানীর স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে নানা আয়োজনের মধ্যদিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়।
১৬ ডিসেম্বর বিজয় দিবস, আর বিজয় দিবস মানেই বাঙালির এক অসাধারণ জয়ের আনন্দের অনুভূতি। প্রতি বছর ১৬ই ডিসেম্বর বিজয় দিবস খুব আনন্দের সাথে উদযাপন করা হয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে। প্রতি বছরের ন্যায় আজ, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর, “৫৪ তম” বিজয় দিবস উদযাপনের আয়োজন করা হয় প্রতিষ্ঠানটিতে।
দিনটি আনন্দের সাথে উদযাপনের কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আনুষ্ঠানিকতার শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। অতঃপর, এক মিনিটের নীরবতা পালনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ, যিনি তার বক্তব্যে “পরবর্তী নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান”।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধারা। তারা স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস স্মৃতিচারণ করেন। তারা আরও বলেন, “মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ধারণ করাই নতুন প্রজন্মের দায়িত্ব”।
অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশনার মাধ্যমে মিলনায়তনে তৈরি হয় এক অসাধারণ আবেগঘন পরিবেশ। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিনটিকে আরও বিশেষ করে তুলতে কলেজ প্রাঙ্গণ ও মিলনায়তন সজ্জিত করা হয় লাল-সবুজের বেলুন, ফুল ও আলোকসজ্জায়। যা অনুষ্ঠানটিকে আরও জমজমাট করে তুলে। অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও মনোমুগ্ধকর করে তোলে।
কলেজ প্রশাসন জানায়, এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে এবং মুক্তিযুদ্ধের চেতনা তাদের হৃদয়ে ধারণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।