
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের নির্বাচনের জন্য ছয় সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৪ নভেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ১১৬তম সিন্ডিকেট সভায় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদনক্রমে এই কমিশন গঠন করা হয়।
গঠিত নির্বাচন কমিশনে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন—
★পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ শাহজামান
★ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাসুদ রানা
★কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার
★ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহসীনা আহসান
★ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হাসান আলী
সভায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করবে এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ও হল শিক্ষার্থী সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।