
বেরোবি প্রতিনিধি
তজিবুর রহমান
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ, ছাত্র সংসদ চালুর সিদ্ধান্ত নিয়েছে উপাচার্য ড. শওকত আলী !
বৈষম্য বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হ/ত্যাকান্ডে জড়িত দুই শিক্ষক ও সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত, ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ, ছাত্র সংসদ চালু এবং শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার (২৮ অক্টোবর ২০২৪) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৮তম সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সিন্ডিকেটের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী পরিচালিত হবে। শিক্ষার্থীদের নৈতিক, একাডেমিক শৃঙ্খলা তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, আবাসিক হলের সিট বানিজ্য, হলে দখলদারিত্ব এবং লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ থাকবে। এই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবে না। এখনো যদি কারো সংশ্লিষ্টতা থাকে তাহলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে।