
সুলতান আহমেদ
আত্রাই উপজেলা
৩১ আগস্ট: আজ রাত ৯টার সময় হঠাৎ করে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক লাইনের পুরনো একটি কাঠের পুল ভেঙে পড়ে বসতবাড়ির উপর, টিনের চালা ভেঙে পুলটি ঘরের ভেতরে ঢুকে যায়, এতে করে ঘরের ভেতরে থাকা এক শিশু বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ২নং ভোঁপাড়া ইউনিয়নের ভোঁপাড়া গ্রামের সরকারি প্রকল্পের নির্মিত গুচ্ছগ্রামে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বেশ কিছুদিন ধরেই পুলটি জরাজীর্ণ অবস্থায় ও অনেকটা ভেঙে ছিল।
স্থানীয় বাসিন্দারা কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আজ রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ বিকট শব্দে পুলটি ভেঙে পড়ে একটি টিনশেড ঘরের ওপর।
ঘরে থাকা একজন শিশু আহত হলে স্থানীয়রা তৎক্ষণাৎ উদ্ধার কার্যক্রম চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।
এ বিষয়ে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির একজন কর্মকর্তা জানান, “আমরা ঘটনাটি জেনেছি এবং ইতিমধ্যেই আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আজ রাতে ভোঁপাড়া, তেঘর, শিমুলিয়া,বেড়াহাসন,সাহাগোলা,বহেলাসহ আরো বেশ কিছু গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে রাত কাটাতে হবে।
এমতাবস্থায় আতঙ্ক বিরাজ করছে জনমনে এবং তারা দাবি জানিয়েছেন, অবিলম্বে সব পুরনো ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নতুন খুঁটি বসানো হোক।