
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২০২৫ সেশনের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় একাধিক শিফটে অনুষ্ঠিতব্য ইউনিটের ক্ষেত্রে বরাদ্দকৃত মোট আসনকে সমহারে বন্টন করে প্রতি শিফটে আসন বরাদ্দ করে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
সভায় ১০টি আলাদা ইউনিটে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে ৭টি ইউনিটে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয় এবং ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৩৩ শতাংশ থেকে বৃদ্ধি করে ৩৫ শতাংশ করা হয়েছে। এছাড়া বিভাগে ৪ জনের বেশি পোষ্য কোটায় ভর্তি না করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এবারের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা এবং এতদ্বিষয়ে উপাচার্যের জন্য নির্ধারিত কোটা বাতিল করা হয়েছে। ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের সময় ১ জানুয়ারি থেকে পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
এবছর ভর্তি পরীক্ষায় এ ইউনিটের অন্তর্ভুক্ত গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদে সাথে যুক্ত হয়েছে ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। একইসাথে সি ইউনিটের অন্তর্ভুক্ত কলা অনুষদের সঙ্গে যুক্ত হয়েছে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং আইন অনুষদ৷ এছাড়া বাকি ইউনিটের ভর্তি পরীক্ষার বিষয় অপরিবর্তিত থাকবে।
এছাড়া ভর্তির আবেদন ফি কমিয়ে পুনঃনির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ ও আইআইটি) আবেদন ফি ৭০০ টাকা ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) আবেদন ফি ৭০০ টাকা, ‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ + আইন অনুষদ + তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) আবেদন ফি ৭০০ টাকা, ‘সি-১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) আবেদন ফি ৫০০ টাকা, ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) আবেদন ফি ৭০০ টাকা, ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) আবেদন ফি ৬০০ টাকা, আইবিএ-জেইউ পৃথক ইউনিটে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ১৯ ডিসেম্বরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার আবেদন ১ জানুয়ারি শুরু হয়ে ২১ জানুয়ারি শেষ হবে। মোট ১০ ইউনিটে এবারের ভর্তি পরীক্ষা সম্ভাব্য ৯ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত (শুক্রবার ও শনিবার ব্যতিত) চলবে। এ, বি, সি ও ডি ইউনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা, ই ইউনিটের জন্য ৭৫০ টাকা, সি-১, এফ, জি ও এইচ ইউনিটের জন্য ৬০০ টাকা এবং আই ইউনিটের জন্য ৫০০ আবেদন ফি নির্ধারণ করা হয়েছে৷
তবে এ বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জোর আন্দোলনের প্রেক্ষিতে ইউনিট সংখ্যা ও ভর্তি পরীক্ষার আবেদন ফি কমাতে উদ্যোগ নেয় প্রশাসন।