
মানিকগঞ্জ সংবাদদাতা
মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া ঘাটে বিএনপির ডাকা তৃতীয় বারের ৪৮ ঘন্টা হরতাল ও অবরোধ কর্মসূচির বিরুদ্ধে শিবালয় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু নেতৃত্বে শান্তি সমাবেশ করা হয়েছে।
শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সদস্য আরোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনায়েম মোত্তাকি খান অনিক, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আপেল মাহমুদ মুন্সী, ছাত্রলীগ সভাপতি রাকিব হাসানাত আওয়াল, সহ-সভাপতি আনিছুর রহমান, সহ-সভাপতি রাজিব, সজিবসহ শিবালয় উপজেলা আওয়ামীলীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।
শান্তি সমাবেশে জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু বলেন, আওয়ামীলীগ সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড স্বাধীনতা বিরোধী দল জামায়াত -বিএনপির সহজে মেনে নিতে পারছে না। তাই সরকারের উন্নয়ন কে বাধাগ্রস্ত করতে জ্বালাও পোড়াও করে হরতাল ও অবরোধ কর্মসূচির পালন করছে । বাংলাদেশের মানুষ তাদের হরতালের নামে এই নৈরাজ্য মানছে না । তিনি উপস্থিত সকল আওয়ামীলীগ নেতৃবৃন্দদের কে উদ্দেশ্য করে বলেন, যেখানে বিএনপি- জামায়াত নৈরাজ্য দেখবেন সেখানেই তাদের কে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করব । তাদেরকে আর একটাও গাড়ি ভাঙচুর ও পোড়াতে দেওয়া হবে না। মানুষ যাতে এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে যেতে পারে সে বিষয়ে আমরা সদা তৎপর থাকব। সর্বোপরি দেশের উন্নয়নের ধারা কে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে উপস্থিত সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।