
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে সিনিয়র শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় প্রথম একাডেমিক ভবনের জানালার কাচ ও সামনের ফুলের টব ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ দেখাকে কেন্দ্র করে বসার স্থান নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সিনিয়র শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও খেলা শেষে আইসিটি বিভাগের সঙ্গে এফটিএনএস ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ বাধে।
রাত ১টার দিকে প্রথম একাডেমিক ভবনে আবারও সংঘর্ষ শুরু হলে প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুর চলে। পরে প্রক্টরিয়াল বডি ও বিভিন্ন বিভাগের শিক্ষকদের হস্তক্ষেপে রাত ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আহত সাত শিক্ষার্থী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত একজনকে কুমুদিনী হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। সংঘর্ষে সহকারী প্রক্টর ড. আবদুল কুদ্দুসও আহত হন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপাচার্যের নির্দেশনায় ঘটনার তদন্ত ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সকাল পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।