
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাংগাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৮ নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। শনিবার দুপুরে টাংগাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তারকৃতরা হলেন সুরত মিয়া (৩৮),মো.সেলিম সরকার(৩৭),সোনিয়া আক্তার(২১), তাসলিমা আক্তার (৩২), আসমা বেগম (৩০),মোছা. আলেয়া বেগম (৩৭),মোছা.রিফা আক্তার(২৬), আকলিমা বেগম (৪০),সেলিনা বেগম (৩২)ও জুলেখা বেগম (৩১)।
পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, গ্রেপ্তারকৃতরা গাজীপুরের শালনা থেকে শুক্রবার রাতে একটি হায়েস গাড়ি নিয়ে মির্জাপুরের সোহাগপুরে এসে একটি হিন্দু বাড়িতে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল।
ডাকাতদলের নারী সদস্যরা শাখা-সিঁদুর পরে হিন্দুদের সনাতন ধর্মাবলম্বী সেজেছিল।এ সময় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএমএস দোহার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।তাদের ব্যবহৃত হায়েস গাড়িটিও জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মনির হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা করেছেন।
পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন বাড়িতে ডাকাতির আগে নানা তথ্য সংগ্রহ করে নিজেদের প্রস্তুত করে নেয়ার কথা স্বীকার করে। পরে কৌশলে বাড়িতে ঢুকে ডাকাতি করে চলে যায়।ডাকাতদলের নেপথ্যে জড়িতদের খুঁজে বের করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।