
যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিয়ার) বিভাগ আগামী ১৯ জুন ২০২৫, সোমবার আয়োজন করতে যাচ্ছে বিভাগের “প্রথম জাতীয় কনফারেন্স” যার প্রতিপাদ্য বিষয় : বাংলাদেশে বহুবিধ স্বাস্থ্যসেবা ব্যবস্থার মাধ্যমে প্রমাণভিত্তিক ফিজিওথেরাপি সেবা প্রদান।
২০১৮ সালে যাত্রা শুরু করা পিটিআর বিভাগটি শুরু থেকেই এমন একটি কনফারেন্স আয়োজনের স্বপ্ন দেখে আসছিল। বিভাগ থেকে ব্যাচেলর অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিগ্রি ( BPTR) প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মো. রিজুয়ানোর রহমান এবং কোষাধ্যক্ষ ড. হোসাইন আল মামুন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন প্রফেসর ডা. মো. সোহরাব হোসাইন (এক্সিকিউটিভ ডিরেক্টর, সিআরপি) এবং কন্সেনসাস বক্তা থাকবেন প্রফেসর ডা. আনোয়ার হোসেন (সভাপতি, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন)।
প্যানেল অব স্পিকারে থাকবেন সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরী টেইলর, বিপিএ-এর সেক্রেটারি ডা. শাহাদাৎ হোসেন, বি.এইচ.পি.আই-এর ভাইস প্রিন্সিপাল ডা. ওবায়দুল হক, দেশ বরেন্দ্র ফিজিওথেরাপিস্ট ডা. আলতাফ হোসেন সহ আরও অনেকে।
আন্তর্জাতিক অংশগ্রহণ: ভার্চুয়ালি যুক্ত হবেন দেশ-বিদেশের স্বনামধন্য প্রফেসর, ক্লিনিনিশিয়ান, সাইন্টিস্ট ।
এই কনফারেন্সে অংশ নেবেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের স্বপ্নদ্রষ্টা ডা. মো. ফিরোজ কবির সহ বিভাগের সকল শিক্ষক, গ্রাজুয়েট ও আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীরা। আরো সুযোগ থাকবে অকুপেশনাল থেরাপিস্ট, স্পীচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, নার্সিং, নিউটেশনোলজিস্ট, মাইক্রো-বায়োলজিস্ট, ফার্মাসিস্ট, ফিজিশিয়ানদের রেজিস্ট্রেশনভিত্তিক সক্রিয় অংশগ্রহণ।
সেমিনারে অংশগ্রহণকারী সকলেই পাবেন সার্টিফিকেট এবং ৩ টি ক্যাটাগরিতে ( ওরাল প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন, স্টুডেন্ট’স প্রেজেন্টেশন) অ্যাওয়ার্ড জয়ের সুযোগও থাকছে ৩০ জনের।
ইন্টার্ন শিক্ষার্থী কাজী আজমান হোসেন বলেন, “এই কনফারেন্সের মাধ্যমে শুধু শেখা নয়, দেশের ফিজিওথেরাপি পেশাজীবীদের এক মিলনমেলাও হবে। আন্তর্জাতিক মানের সেমিনার ও ওয়ার্কশপে অংশ নিয়ে আমরা অনেক কিছু শিখতে পারব।”
কনফারেন্সের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বিভাগের চেয়ারম্যান ডা. এহসানুর রহমান।
এই কনফারেন্স বাংলাদেশের ফিজিওথেরাপি শিক্ষায় নতুন দিগন্তের সূচনা করবে বলেই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।