রাঙ্গামাটি প্রতিনিধি
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কুরবানীর গরু সস্তায় ক্রয় করার উদ্দেশ্যে গত ২৫ জুন ২০২৩খ্রি: জনৈক মোহাম্মদ ইফতেখার নিহাল রাঙ্গামাটি সদরে আসেন। মোহাম্মদ ইফতেখার নিহাল এর সাথে মো: সোবহান এর পূর্ব পরিচয়ের সূত্র ধরে যোগাযোগ হয়। মোবাইল ফোনে কথোপকথনের এক পর্যায়ে সোবহান ইফতেখার সাহেবকে জানান তার এলাকা লংগদুতে সস্তায় দেশীয় পাহাড়ী গরু পাওয়া যায়।
জনাব ইফতেখার নিহাল সোবহানের কথা শুনে সস্তায় দেশী পাহাড়ী গরু কেনার জন্য লংগদু থানার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। লংগদু থানা এলাকায় আসার সাথে সাথেই সোবহান এর পরিকল্পনা মোতাবেক অপর একটি নৌকা থেকে টর্চ লাইটের আলো দিয়ে ১২/১৩ জন অজ্ঞাত ব্যক্তি জনাব ইফতেখারে নৌকা গতিরোধ করে এবং তার সাথে থাকা ০১টি আইফোন, ০১টি Samsung Galaxy S9 মোবাইল, ০১টি OPPO মোবাইল এবং নগদ ৩,৪৬,০০০/- টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।
উক্ত ঘটনার সংবাদ পেয়ে রাঙ্গামাটি জেলার লংগদু থানা পুলিশ তাৎক্ষনিক বিশেষ অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের সন্দিগ্ধ ০৮ সক্রিয় সদস্য ১। মো: সোবহান (৩৫), ২। নজরুল ইসলাম(২৮, ৩। মো: হারুন(২৩), ৪। ইমান আলী(২৮), ৫। বরুন চাকমা(৫০), ৬। শাহাদাৎ মিয়া (৪০) ৭। মো: মিজান মিয়া (৬০) ০৮। মো: বেলাল হোসেন(৩০) গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে তাদের কাছ থেকে নগদ ৩,১২,৫০০/-টাকা এবং ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
