
রাজস্থলী (রাঙামাটি)
রাজস্থলী উপজেলার পেশাদার সাংবাদিকদের সংগঠন রাজস্থলী প্রেস ক্লাবের নবগঠিত নেতৃবৃন্দের সাথে চলমান পরিস্থিতি ও ক্লাবের সকল সদস্যদের নিয়ে মতবিনিময় করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।
বুধবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীর সঞ্চালনায় এবং সভাপতি আজগর আলী খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন রাজস্থলী প্রেস ক্লাবের সহ সভাপতি চাথোয়াইঅং মারমা, যুগ্ন সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ, সদস্য মিন্টু কান্তি নাথ, সুমন, নুশরাত জাহান নিশু এবং উচ্চপ্রু মারমা প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। কোনো প্রতিবেদনের জন্য কাউকে যেন অহেতুক ক্ষতিগ্রস্ত করা না হয়, বিশেষ করে রাজস্থলী উপজেলার সম্প্রীতির সুনাম যাতে অক্ষুন্ন থাকে সে ব্যাপারে সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়াও ব্যক্তি স্বার্থে বা কারো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোন প্রতিবেদন না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, সংবাদ প্রকাশের সময় সরেজমিনে গিয়ে খোঁজ খবর নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিৎ। সাংবাদিকদের যে কোন প্রয়োজনে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এছাড়াও তিনি রাজস্থলী উপজেলার উন্নয়ন, অগ্রযাত্রা, সমস্যা-সম্ভাবনাসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন এবং এক্ষেত্রে পেশাদার সাংবাদিকদের সহায়তা কামনা করেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশ ও দেশের মানুষের জন্য সকল সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান।
এরপর প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দ রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ওসি ইকবাল হোসেনের সাথেও সৌজন্যে সাক্ষাৎ করেন। তিনি সাংবাদিকদের সংবাদ বিষয়ক প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।