
রাবি প্রতিনিধি:
২০২৩ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার ১১টি ক্যাটাগরিতে মোট ১৬ গুণীজন এ পুরস্কার পেয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) বাংলা একাডেমির সচিব ড. মো. হাসান কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে প্রবন্ধ/গবেষণা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিশিষ্ট গবেষক ও কবি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জুলফিকার মতিন। এর আগে ২০২০ সালে উনার ভাই ইমতিয়ার শামীম কথাসাহিত্যে বাংলা একাডেমির পুরস্কার অর্জন করেন। ২০২২ সালে বাংলা একাডেমির পুরস্কার লাভ করেন একই পরিবারের আরেক ভাই বীর মুক্তিযোদ্ধা কূটনীতিক ইখতিয়ার চৌধুরী। তিনি পেয়েছেন ভ্রমণকাহিনিতে সাহিত্য পুরস্কার। একই পরিবারের ৩ জন বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার নজির এই প্রথম।
১৯৪৬ সালের ২৪ জুলাই অধ্যাপক জুলফিকার মতিন রামগাতী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে তিনি রাবিতে শিক্ষক হিসেবে যোগ দেন। চাকরি থেকে অবসরের আগে তিনি বাংলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর প্রথম প্রকাশিত কাব্য নাটক ‘স্বৈরিণী স্বদেশ তুই’ (১৯৭২)। তা ছাড়া কবিতা, গল্প, প্রবন্ধ ও নাটক মিলে তাঁর মোট প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০টিরও বেশি।
প্রবন্ধ/গবেষণায় বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার অভিনন্দন জানিয়ে বলেন, ‘কবি জুলফিকার মতিন তাঁর কাব্য প্রতিভার মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তাঁর প্রতিভার এই স্বীকৃতি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করেছে। উপাচার্য অধ্যাপক জুলফিকার মতিনের সুস্বাস্থ্য প্রত্যাশা করেন।