
রাবি প্রতিনিধি:
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাস সম্বলিত লিফলেট রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়৷ এসময় শিক্ষার্থীদের মাঝে শহীদ জিয়াউর রহমানের বীরত্বগাঁথা তুলে ধরেন ছাত্রদল নেতাকর্মীরা।
লিটলেট বিতরণের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লবের পূর্ব পর্যন্ত কার্যত বাংলাদেশে কোন সরকার ছিল না৷ একটি বিপথগামী বাংলাদেশকে রক্ষা করেছিলেন মেজর জিয়াউর রহমান। ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন, ওইদিন জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেই ক্ষান্ত হননি, বরং তিনি বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র থেকে বাঁচিয়ে একটি সমৃদ্ধশীল বাংলাদেশ উপহার দিয়েছিলেন৷
শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হলেও ভারতীয় আগ্রাসন থেকে বের হতে পারছিলো না। ১৯৭৫ সালে ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ তার সার্বভৌমত্ব ফিরে পেয়েছিলো। যার কেন্দ্রবিন্দুতে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একজন দেশপ্রেমিক সচেতন নাগরিক হিসেবে ৭ নভেম্বর সম্পর্কে সবার জানা উচিৎ।
উক্ত লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রাশেদ আলী, যুগ্ম আহবায়ক সরদার জহুরুল ইসলাম, মেহেদী হাসান খান, শফিকুল ইসলাম শফিক, শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু, মারুফ হোসেন, এম এ তাহের রহমান, আহবায়ক কমিটির সদস্য তুষার শেখ, ইমরান হাসান রাকেশ, আবু সাঈদ, জাকির রেদোয়ান, তাকবির আহমেদ ইমনসহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ।