
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই রনারচালা এলাকায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে স্কয়ার ফার্মাসিটিউক্যালস্ কোম্পানির সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে ও রাস্তার দাবিতে মানববন্ধন করেছে স্হানীয়রা।বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে এই মানববন্ধনে প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।এর আগে গত বুধবার সীমানা প্রাচীর নির্মাণ বন্ধের দাবিতে উপজেলা প্রশাসন,উপজেলা ভূমি অফিস,থানা ও সেনা ক্যাম্পে তারা লিখিত আবেদন করেন।মানববন্ধনে অংশ নেয়া শফিকুল ইসলাম ভূইয়া বলেন,আমাদের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণের প্রতিবাদ করায় স্কয়ারের লোকজন আমাকে মারপিট করেছে।চলাচলের ব্যবস্থা না রেখে প্রাচীর নির্মাণ করলে এলাকার মানুষের ঘর থেকে বের হওয়ার কোন উপায় থাকবেনা।রেখা বেগম নামের এক নারী বলেন,’এই দেয়াল নির্মাণ হইলে আমরা ঘর থেইকা বাইর হইতে পারুম না,আমাগো পোলাপান স্কুলে মাদ্রাসায় যাইতে পারবোনা।
মানববন্ধনে অংশ নেয়া দশম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম বলেন,এই রাস্তা বন্ধ হয়ে গেলে আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে।সীমানা প্রাচীর নির্মাণের দায়িত্বে থাকা মিনহাজ বলেন,জমি পরিমাপ করে স্কয়ার কর্তৃপক্ষ আমাকে যে সীমানা দেখিয়ে দিয়েছে সেখান দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে।তবে সীমানা প্রাচীরের বাইরে দুই ফুট জায়গা রাস্তার জন্য রাখা
আছে বলে তিনি দাবি করেন।এ বিষয়ে জানতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সুরজিৎ মুখার্জির মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)এবিএম আরিফুল ইসলাম বলেন,এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি।সহকারি কমিশনারকে(ভূমি) বিষয়টি তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।রনারচালার বাসিন্দা সুমন হোসেন মুঠোফোনে জানান,মানবন্ধনের পর বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা,সেনা কর্মকর্তাসহ প্রশাসনিক অন্যান্য কর্মকর্তাগন ওই এলাকা পরিদর্শন করেন এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চলাচলের রাস্তা উম্মুক্ত করে দেয়ার কথা বলেছেন।