
রূপগঞ্জ প্রতিনিধি : নারায়নগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ২ নং সেক্টর বউরারটেক এলাকার লেক থেকে অজ্ঞাত (১৮) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রূপগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
৩০০ ফিট ৪ নাম্বার ব্রিজের লেকের পানিতে লাশটি উপুর হয়ে ভাসছিল বলে পুলিশ জানিয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল) মো: মেহেদী ইসলাম বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে সেটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নারীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, লাশটির শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে,লাশটির পরিচয় সনাক্তের জন্য নারায়ণগঞ্জ মেডিকেল কলেজের মর্গে লাশের ময়নাতদন্তও করা হবে। তারপরই মৃত্যুর কারণ বলা যাবে।
এব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পূর্বাচল থেকে নাম পরিচয়হীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ মর্গে পাঠানো হবে, অধিকতর তদন্ত শেষে আরো বিস্তারিত বলা যাবে।