
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিশাল ভ্যান মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) শ্রমিক শাখার আয়োজনে লোহাগড়া শহরের কুন্দশী চৌরাস্তা এলাকা থেকে প্রায় পাঁচ সহস্রাধিক ভ্যান অংশ নেয় এই মিছিলে। মিছিলটি নড়াইল সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকা ঘুরে পুনরায় কুন্দশী চৌরাস্তা এলাকায় এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।
এ সময় উপস্থিত ছিলেন এনপিপির নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী শওকত আলী, লোহাগড়া উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বদিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, শ্রমিক শাখার নেতা তরিকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
ভ্যান মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন,
> “২০১৮ সালে আমি নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলাম, কিন্তু নিজের ভোটটিও দিতে পারিনি। আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী আমি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নড়াইল-২ আসনে কাজ করার নির্দেশ দিয়েছেন, তারই ধারাবাহিকতায় আজকের এই ভ্যান মিছিল অনুষ্ঠিত হলো। সবাই আমার জন্য দোয়া করবেন।”