
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়ায় কৌশলে এক গৃহবধূর কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারণা চক্রের সদস্যরা। শনিবার (৪ অক্টোবর) দুপুরে লোহাগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, পৌরসভার কুন্দশী এলাকার শেখ মনিরুজ্জামানের স্ত্রী জেসমিন খানম (৫৫) সেদিন বাজার করার উদ্দেশ্যে বেলা ১২টার দিকে লোহাগড়া বাজারে যান। সেখানে দুই অপরিচিত ব্যক্তি তাঁর কাছে এসে জানান, তারা বেকারির কেক ও খাবার তৈরির কেমিক্যাল নিয়ে এসেছে কিন্তু বেকারির অবস্থান জানেন না। তারা জেসমিনের কাছে অনুরোধ করেন বেকারির ঘর দেখিয়ে দিতে।
সহায়তার উদ্দেশ্যে জেসমিন তাদের সঙ্গে বেকারির দিক নির্দেশনা দিয়ে ফেরার সময় ওই দুই ব্যক্তি কৌশলে তাঁর হাত ধরে বলেন, “আপনি আমার মায়ের মতো, আপনাকে ধন্যবাদ।” এরপর মুহূর্তের মধ্যে তাঁরা জেসমিনের গলায় থাকা ৮ আনা ওজনের চেইন, ২ আনা লকেট, ১.৫ আনা কানের দুল (মোট মূল্য প্রায় ৭৫ হাজার টাকা) এবং ব্যাগে থাকা ২৫০০ টাকা নিয়ে দ্রুত সটকে পড়ে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জেসমিন খানম শনিবার সন্ধ্যায় লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি শরিফুল ইসলাম) বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি লোহাগড়া বাজার এলাকায় একই ধরনের কৌশলে প্রতারণার একাধিক ঘটনা ঘটেছে। তারা দ্রুত এই প্রতারণা চক্রের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।