
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৯ তম আবর্তনের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার বিচারের চেয়ে মানববন্ধন করছে বিশ্ববিদ্যালয়ের ৩৯ তম আবর্তনের শিক্ষার্থীরা।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে এ মানববন্ধন করেন তারা।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আহসান ইমাম বলেন, আমাকে মানষিকভেবে হত্যা করা হয়েছে। এই দায়ভার কার? প্রক্টরিয়াল বডি কোথায় ছিলো, নিরাপত্তা শাখা কি ভূমিকা রেখেছিলো। এই দায়ভার কোনোভাবে প্রশাসন এড়াতে পারে না।
বিশ্ববিদ্যালয়ের ৩৯তম আবর্তনের ফারিয়া রহমান এনথি বলেন, যে ব্যানার নিয়ে আমরা জুবায়ের হত্যার বিচার চেয়েছিলাম সে ব্যানারে আজ আবারও আমাদের দাড়াতে হলো। আমরা জানিনা আর কতবার আমাদের দাড়াতে হবে এই ব্যানার নিয়ে। বর্তমানে ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্বে যারা আছে কতটুকু নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ।
বিশ্ববিদ্যালয়ের ৪৭তম আবর্তনের স্মরণ এহসান বলেন, দুইমাস পেরিয়ে গেলেও কেন এখনো ১৫ জুলাই ভিসির বাসায় হামলার সাথে যুক্ত তাদের কেন এখনো বিচার করা হচ্ছে না। আমরা জানি শামীম মোল্লার সাথে মাদক সিন্ডিকেটের হাত আছে। একইসাথে সে ১৫ জুলাই সংঘটিত হামলার নেতৃত্ব দিয়েছে। তাই বলে আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই।
প্রসঙ্গত এর আগে ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেইট থেকে শামীম মোল্লাকে ধরে এনে প্রক্টর অফিসে সোপর্দ করে এক দল শিক্ষার্থী। পরবর্তীতে প্রক্টর অফিসে তালা ভেঙ্গে চলে দফায় দফায় গণপিটুনি। পরবর্তী রাত আনুমানিক সাড়ে ৮ টায় পুলিশ হেফাজতে দেওয়া হলে রাত সাড়ে দশটায় সাভারস্থ গণস্বাস্থ্য হাস্পাতালে শামীম মোল্লার মৃত্যু হয়।