
ইবি সংবাদদাতা:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন ও বিনামূল্যে ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালনা করেছে রোটার্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি (ইবি)। বুধবার (০১ মে) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও জিয়া মোড়ে এ কার্যক্রম চালায় সংগঠনটি।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের রক্তদান সম্পর্কিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তিমা’র সদস্যদের সহযোগিতায় ক্যাম্পাসের ভ্যানচালক, দোকানী ও নির্মাণশ্রমিকসহ শ্রমজীবী মানুষদের রক্তের গ্রুপ পরীক্ষা করে সংগঠনটি। এসময় তাদের মাঝে রক্তের গ্রুপের সনদ দেয় সংগঠনটি। এছাড়া তাদেরকে খাবার স্যালাইন ও তীব্র গরমে স্বাস্থ্যসচেতনতামূলক পরামর্শ দেন সংগঠনের সদস্যরা।
সংগঠনটির সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদের সভাপতিত্ব ক্যাম্পেইনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাসেল, সার্জেন্ট অ্যাট আর্মস মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মনির হোসেন এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনি সরকার রিয়াজসহ সংগঠনের অন্য সদস্যরা কার্যক্রমে অংশ নেন।
রোটার্যাক্ট ক্লাবের ব্যতিক্রমী এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন শ্রমজীবীরা। তাদের অনেকেই বলেন, আমাদের রক্তের গ্রুপ কি তা জানতাম না। আজই প্রথম পরীক্ষা করলাম। যারা এই ব্যবস্থা করেছে তারা খুব ভালো কাজ করেছে।
সংগঠনের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে রোটার্যাক্ট ক্লাব নিয়মিত স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শ্রমিকদের মাঝে রক্তের গ্রুপ সম্পর্কে ধারণা খুবই কম। এজন্য তারা বিভিন্ন সময় জটিলতায় পড়ে। তাদের কথা চিন্তা করে আমরা শ্রমিক দিবসে ফ্রি ব্লাড গ্রুপিংয়ের কার্যক্রমের পরিকল্পনা নিয়েছি।
সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল বলেন, শ্রমিক দিবসে রোটার্যাক্ট ক্লাব যে উদ্যোগ নিয়েছে এটি সত্যিই প্রশংসার দাবিদার। সারাদিন শ্রমিকরা সাধারণত রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন থাকে না। রোটার্যাক্ট ক্লাবের এই উদ্যোগ তাদেরকে চিকিৎসার জন্য অতি প্রয়োজনীয় বিষয়টি জানার সুযোগ করে দিয়েছে। কার্যক্রমে অংশ নিতে পেরে খুবই ভালো লেগেছে।