
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ অবস্থায় রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ ওঠা প্রবাস ফেরত জামাল উদ্দিন (৪৯) মারা গেছেন। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জামাল উদ্দিন উপজেলার কালমেঘা গ্রামের ফজর আলীর ছেলে। দীর্ঘ প্রায় ১২ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে কয়েক বছর আগে কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে প্রায় আট মাস আগে তিনি দেশে ফেরেন। এরপর থেকেই তিনি পারিবারিক অবহেলার শিকার হন বলে অভিযোগ রয়েছে।
এর আগে অসুস্থ জামাল উদ্দিনকে রাতের আঁধারে কালমেঘা এলাকায় পৈতৃক বাড়ির পাশের রাস্তায় ফেলে রেখে যাওয়ার অভিযোগ ওঠে। পরে বৃষ্টির মধ্যে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালমেঘা গ্রামের উত্তর-পূর্ব পাড়ায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয়ের ব্যবস্থা করেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে স্থানীয়রা জামাল উদ্দিনকে উদ্ধার করেন। তার বড় ভাই সোহরাব আলী অভিযোগ করেন, অসুস্থ অবস্থায় তার ভাইকে পরিবারের পক্ষ থেকে অবহেলা করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে জামাল উদ্দিনের স্ত্রী রিনা আক্তার বলেন, কয়েক মাস আগেই তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। এরপর থেকে তার স্বামীর বিষয়ে তিনি কিছু জানেন না।
ঘটনার পর সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বিষয়টি জানতে পেরে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।
অবশেষে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে জামাল উদ্দিনের মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।