
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, জনগণের সেবা নয়, ক্ষমতায় টিকে থাকা বর্তমান সরকারে একমাত্র লক্ষ্য। দেশে কোনো নির্বাচনি ব্যবস্থা নেই, সব ধ্বংস করে দিয়েছে। শুধু রাজনীতি নয়, সমাজের সবকিছু গ্রাস করছে সরকার। ক্ষমতা হারানোর ভয়ে ভীত তারা।
রাজধানীর ধানমন্ডিতে বুধবার সকালে কারাবন্দি বিএনপিপন্থি আইনজীবী নেতা ব্যারিস্টার রুহুল কবির কাজল ও ওসমান চৌধুরীর বাড়িতে সাক্ষাৎ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, দেশে যখন একদলীয় সরকার কায়েম হয়, তখন পরিস্থিতি এখনকার মতোই হবে। ক্ষমতা ধরে রাখার জন্য প্রশাসন ও বিচার ব্যবস্থাকে কুক্ষীগত করে রেখেছে সরকার। প্রতিটি ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’
মেজর হাফিজের কিংস পার্টির সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, এমন ঘটনা যত প্রকাশিত হচ্ছে, সরকার তত হেয় হচ্ছে। এতে স্পষ্ট হয়েছে, নির্বাচনের আগে সরকার বিরোধী দলগুলোকে কীভাবে আয়ত্তে আনতে চেয়েছিল।
সরকারের সবধরনের কৌশল ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।