
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদের পিলারের রডের ওপর থেকে সোহান মিয়া (১৩) নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যার পর উপজেলার ধাপেরহাটের রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন জিসান পাম্প এলাকায় আজিজার রহমানের (চেয়ারম্যান) ভবনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু সোহান ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা নির্মাণাধীন ভবনটির ছাদে একটি পিলারের রডের ওপর শিশুটিকে লটকে থাকতে দেখা যায়। নিচে শিশুটির শরীর থেকে রক্ত পড়ে ছিল। পরে তারা পুলিশকে খবর দেন।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশুটি কীভাবে মারা গেল এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটি মারা যেতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন তারা।
সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকুর আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশু সোহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।