
বিনোদন ডেস্ক
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তিনজনকে ধাক্কা দেওয়ার ঘটনায় বেশ তোপের মুখে আছেন মোহরা কন্যা রাভিনা ট্যান্ডন। ওই ঘটনায় তিনি রীতিমতো সাধারণ মানুষের রোষানলে পড়েছেন। আর এটা নিয়ে ব্যাপক সমালোচনার মুখেও পড়েছেন তিনি। নেটিজেনদের কেউ কেউ কটাক্ষ করে বলেছেন, তারকা খ্যাতি নিয়ে সাধারণের সঙ্গে অপ্রত্যাশিত আচরণ করেছেন রাভিনা। এমনকী এটাকে সালমান খানের গাড়ি দুর্ঘটনার কাণ্ডের সঙ্গেও তুলনা করেছেন অনেকে।
সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রার রাস্তায় রাভিনা’র গাড়ি থামিয়ে তার ওপর চড়াও হন তিন নারী। ওই নারীদের দাবি – বলি তারকার গাড়ি তাদের ধাক্কা মেরেছে। অমন অবস্থায় রাভিনাকে মারতে পর্যন্ত উদ্যত হন ওই নারীরা। ওই ঘটনায় ভারতীয় গণমাধ্যমের নতুন খবর, নানা জল্পনার ইতি টেনে এবার মুখ খুললেন স্বয়ং রাভিনা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ওই রাতের ঘটনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
রাভিনা বলেন, ভালোবাসা এবং সমর্থন দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার ওপর বিশ্বাস রাখার জন্য কৃতজ্ঞতা জানাই। তবে শেষ পর্যন্ত এই গল্পের মূল কথা কী দাঁড়ালো জানেন ? ড্যাশক্যাম ও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখুন।
ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, আঘাতপ্রাপ্ত সেই নারীসহ স্থানীয়রা রাভিনাকে চারদিক থেকে ঘিরে রেখেছেন এবং পুলিশকে ফোন করছেন। ওই সময় রাভিনা বেশ ঘাবড়ে যান। চারপাশে জড়ো হওয়া লোকদের অনুরোধ করতে দেখা যায় অভিনেত্রীকে। আঘাতপ্রাপ্ত ওই নারীদের অভিযোগ, রাভিনা ট্যান্ডনের গাড়ির ধাক্কায় তাদের একজন আহত হয়েছেন। এতে ভুক্তভোগী ওই নারীর নাক দিয়ে রক্তপাত হয়েছে। ওই রাতে ঝামেলা শুরু হওয়ার পরই রাভিনা ট্যান্ডন গাড়ি থেকে বেরিয়ে আসেন। তখনই বাকবিতণ্ডা শুরু হয়। আর একপর্যায়ে তিনজন নারী তেড়ে যান রাভিনা’র দিকে।