
মো. নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
সেবার ছোঁয়ায় যেন নতুন জীবনের বার্তা পেল কেরানীগঞ্জের মানুষ। “কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব” ও “আয়েশা হাসপাতাল”-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প, যা শুধু চিকিৎসা নয়, মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।
গত মঙ্গলবার (৫ আগস্ট), কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। আশপাশের গ্রাম ও পাড়া-মহল্লা থেকে ছুটে আসেন অন্তত ৬০০ জন নারী, পুরুষ , বয়স্ক মানুষসহ নানা বয়সের শিক্ষার্থীরা । কেউ এসেছেন ওষুধের আশায়, কেউবা শুধুই সান্ত্বনার খোঁজে।
এই ক্যাম্পে বিশেষ গুরুত্ব দেওয়া হয় হেপাটাইটিস-বি শনাক্তকরণে, যা ‘নীরব ঘাতক’ নামে পরিচিত। এছাড়াও একযোগে রক্তের গ্রুপ নির্ধারণ, ডায়াবেটিস পরীক্ষা এবং মেডিসিন, চর্মরোগ, শিশু, গাইনী, চোখ ও হাড়জোড় বিষয়ে ছয়টি ভিন্ন বিভাগ থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা সেবা প্রদান করেন।
প্রত্যেক সেবাগ্রহীতাকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সেবা নিতে আসা রাতুল মজুমদার নামে একজন জানান, “মাইকিং শুনে এসেছিলাম সেবা নিতে। ডাক্তার থেকে শুরু করে সবাই এত আন্তরিক—আমার হৃদয় ছুঁয়ে গেছে।”
কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সদস্য শাহাদাত হোসেন বলেন “স্বাস্থ্যসেবার এই ধারাবাহিকতা ধরে রেখে আমরা একটি মানবিক, সচেতন ও দায়িত্বশীল সমাজ গড়ে তুলতে চাই। এটি আমাদের ৬৬তম ক্যাম্পেইন। ২০১৪ সাল থেকে আমাদের সংগঠন কাজ করছে, এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষকে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করানো হয়েছে এবং ৬–৭ হাজার রোগী পেয়েছেন সরাসরি চিকিৎসা সেবা। শুধু আজকের ক্যাম্পেই ২৮৯ জনের হেপাটাইটিস-বি পরীক্ষা করা হয়েছে।”তিনি আরও জানান, “আমাদের লক্ষ্য শুধু রক্তদান নয়, বরং জনসচেতনতামূলক কাজের মাধ্যমে প্রান্তিক জনগণের কাছে পৌঁছে যাওয়া।”
সংগঠনের আরেক সিনিয়র সদস্য সুমন বলেন, “মানুষ এখন স্বাস্থ্যসচেতন হচ্ছে, তবে হেপাটাইটিস-বির মতো রোগ সম্পর্কে সচেতনতা এখনো কম। আজকের ক্যাম্পে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।”
ক্যাম্প উপলক্ষে স্কুল মাঠে ছোট পরিসরে সচেতনতামূলক পোস্টার প্রদর্শনী ও রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সাইদুল হক (এফসিপিএস), ডা. শিশির, আয়েশা হাসপাতালের পরিচালক মো. তৈয়ব, সমাজসেবক নাজির হোসেন, এবং তারানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মামুনুর রশীদ।
ক্যাম্পটির সফল আয়োজনের পেছনে ছিল কেরাণীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দলের নিরলস পরিশ্রম। সুশৃঙ্খল ব্যবস্থাপনা, আন্তরিকতা ও সহযোগিতায় ক্যাম্পটি যেন হয়ে উঠেছিল সেবার উৎসব।প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোই যেন ছিল তাদের এই আয়োজনের মূল লক্ষ্য।