
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
পাকুটিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক সফল অধ্যক্ষ জীবুন নিছা দীর্ঘ ১৫ বছর ৮ মাসের গৌরবোজ্জ্বল কর্মজীবন শেষে গত ১ জুন আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন। তাঁকে সম্মান জানাতে গত ২৩ জুন বিকেলে কলেজ প্রাঙ্গণে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ এইচ. এম. রইচের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক কৃষ্ণারানীর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিদায়ী অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবুন নিছা শুধু একজন দক্ষ অধ্যক্ষই নন, তিনি ছিলেন শিক্ষার্থীদের স্নেহময় অভিভাবক ও একজন আদর্শ শিক্ষানুরাগী।
২০১০ সালের ৩ অক্টোবর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি প্রতিষ্ঠানটিকে শিক্ষা, শৃঙ্খলা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে অনন্য উচ্চতায় নিয়ে যান। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করে এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘জয়িতা’ পুরস্কার, ‘নায়করাজ রাজ্জাক স্মৃতি পদক’, ‘মাদার তেরেসা গোল্ড মেডেল’, ‘সার্ক পার্সোনালিটি অ্যাওয়ার্ড’, জাতীয় শিক্ষা সপ্তাহে ঘাটাইল উপজেলার ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান’সহ দেশি-বিদেশি অসংখ্য সম্মাননা লাভ করেন। এছাড়াও স্কাউটিং, শিক্ষক সংগঠন, নারী উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।
বিদায়ী বক্তব্যে জীবুন নিছা বলেন, “এই প্রতিষ্ঠানই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসা আজীবন হৃদয়ে ধারণ করে রাখব।”
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পাকুটিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসর জীবনের জন্য শুভকামনা জানানো হয়।