
মো.নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হাসনাবাদ কন্টেইনার সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী এবং কেরানীগঞ্জ এর বেশ কিছু সামাজিক সংগঠন।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ কন্টেইনার সড়ক এলাকায় একটি ঔষধ কারখানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, শিক্ষক, পরিবহন চালক ও সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন,খানাখন্দ ও গর্তে ভরা এই সড়কে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় সড়কটি এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত নানা দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে প্রায়শই অটো রিকশা উল্টে মানুষজন মারাত্মক ভাবে জখমের শিকার হন।উপজেলা প্রশাসনকে বিষয়টি জানালেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। আজকের মানববন্ধনের মাধ্যমে আমরা সরকারের কাছে দ্রুত সড়কটির সংস্কারের দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে অংশ নেয়া পারজোয়ার ব্রাহ্মণগাও উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষিকা সোনিয়া কামাল কেয়া জানান বলেন,❝প্রতিদিন শত শত শিক্ষার্থী গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে স্কুলে যাতায়াত করে। সড়কের এমন বেহাল অবস্থায় তাদের যাতায়াত মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বৃষ্টির দিনে ছাত্রছাত্রীদের কাদা-পানি মাড়িয়ে স্কুলে আসতে হয়। অনেক সময় পা পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটে।তাই আমি যথাযথ কর্তৃপক্ষ এর কাছে দ্রুত রাস্তাটির সংস্কার করার আবেদন জানাচ্ছি। ❞
হাসনাবাদ–পোস্তগোলা রুটের অটোরিকশা চালক রফিক বলেন, “ঝুঁকি নিয়েই আমাদের যাত্রী নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করতে হয়। প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে। অনেক সময় অটোরিকশার চাকা গর্তে আটকে উল্টে যায়, এতে যাত্রী ও চালক আহত হন। আমাদের গাড়ির ও ব্যাপক ক্ষতি হয়। জনগণের নিরাপত্তার স্বার্থে এ সড়ক দ্রুত সংস্কার করা জরুরি।”
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান জানান, হাসনাবাদ কন্টেইনার সড়কের দেখভাল করে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সংস্কারের দায়িত্বও তাদের।