
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল জেলার বিভিন্ন হত্যা, দস্যুতা, চাঁদাবাজি ও নাশকতামূলক মামলার আসামি মো. আরিফুর রহমান শান্ত (২৮)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে টাঙ্গাইল সদর উপজেলার বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি, শান্ত টাঙ্গাইল জেলার অপরাধ জগতের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ নভেম্বর রাতে শান্তর নির্দেশনায় তার সহযোগীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা পৌরসভা এলাকায় গাছের গুঁড়ি, লাকড়ি ও গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে নাশকতা চালায়। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। এ ঘটনায় ১৩ নভেম্বর কালিহাতী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।
র্যাব আরও জানায়, ঘটনার পর থেকে শান্ত আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।