
নিজস্ব প্রতিবেদক
গত ১৬ বছরে দেশের যা ক্ষতি হয়েছে তা ঠিক করতে অন্তত ১০ বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে উপদেষ্টা একথা বলেন। সচিবালয়ের সংবাদ কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে।
ক্রীড়া উপদেষ্টা বলেন, গত ১৬ বছরে দেশের যা ক্ষতি হয়েছে তা ঠিক করতে অন্তত ১০ বছর সময় লাগবে। অন্তর্বর্তী সরকার দেশ পুনর্গঠন শুরু করেছে, আগামী যে নির্বাচিত সরকার আসবে তাদের এই সংস্কারের প্রক্রিয়ার চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, খুব শিগগিরই সরকার চাঁদাবাজ ও সিন্ডিকেটের বিরুদ্ধে অ্যাকশনে যাবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে হবে, তা না হলে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। বাজার কারসাজি যারা করছে তাদের প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতার আসার পর থেকেই অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে যোগান ও চাহিদার মধ্যে ভারসাম্য হারিয়েছে। এটাও দাম বাড়ার অন্যতম কারণ।
শ্রম উপদেষ্টা আরো বলেন, ‘অর্থনীতির অবস্থা ভালো না। বিগত সরকারের কারণে আর্থিক অবস্থা ভেঙে পড়েছিলো। ব্যাংকগুলোর অবস্থা খারাপ হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকারকে কাজ করতে হচ্ছে।’
শ্রমিকদের ১৮ দাবি বাস্তবায়নের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, শ্রমিকদের ১৮ দাবি বাস্তবায়নে মন্ত্রণালয় কাজ করছে। এখন কোথাও শ্রমিক অসন্তোষ নেই, পরিস্থিতি ভালো। ৪০ বিলিয়ন ডলারের বাজার। আমরা চাই বিনিয়োগ ও বায়ারদের আকর্ষণ।