
হিলি প্রতিনিধি
২১ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেয়াজ আমদানি শুরু হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ভারত থেকে দুটি ট্রাকে ৩৩টন পেয়াজ আমদানি করে সততা বানিজ্যালয় নামের আমদানিকারক প্রতিষ্ঠান। এতে করে দাম কমে আসবে বলে মনে করেন বন্দরের আমদানিকারকরা।
হিলি স্থলবন্দরের আমদানিকারক বাবলু রহমান বলছেন, গত ৪মে ভারত পেয়াজ রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এর পর থেকেই আমদানিকারকরা পেয়াজ আমদানির জন্য আইপি নেয়া, এলসি খোলাসহ সব প্রস্তুতি নিতে শুরু করেন। গত ১৪ মে বন্দর দিয়ে আরএসবি নামের এক আমদানিকারক ৩০টন পেয়াজ আমদানি করেন।
কিন্তু ভারতে পেয়াজ রফতানির উপর ৪০ ভাগ শুল্ক আরোপ থাকায় ও প্রতি টন ৫৫০ মার্কিন ডলার রফতানিমুল্য নির্ধারন করায় দেশে পেঁয়াজ আমদানি করে আমদানিকারকরা লোকসানের মুখে পড়ে। ফলে ভারত পেয়াজ রফতানির অনুমতি দিলেও লোকসানের কারণে আমদানি বন্ধ করে দেয় ব্যবসায়ীরা।
এতে করে পেয়াজ আমদানিতে ৬৫থেকে ৭০টাকা পড়ছে। কিন্তু দেশের বাজারে দেশীয় পেয়াজের দাম কম থাকায় আমদানিকৃত পেয়াজের ক্রেতা সংকট দেখা দেয়। কয়েকদিন পর সেই পেয়াজ লোকশান করে ৫৫টাকায় বিক্রি করেন সেই আমদানিকারক।
সম্প্রতি দেশীয় পেয়াজের দাম উদ্ধমুখি হওয়া এবং দাম ৮০টাকা ছাড়িয়েছে যাওয়ায় আবারও আমদানি শুরু হয়েছে।