
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, ‘আমরা রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আমরা পালাইনি, পালিয়েছে শেখ হাসিনা ও তার অনুসারীরা।’
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
নজরুল ইসলাম আজাদ বলেন, ‘যারা ডিসেম্বরে দেশে আসবে বলে গল্প বলে, এটা হয়তো ২০৪০ সালে হতে পারে। কারণ তারা যেভাবে ছাত্র-জনতাকে হত্যা করেছে, তাতে তাদের মনোবল নেই, মানসিক শক্তি নেই। তবে তাদের লজ্জা-শরমও নেই। তারা পালিয়ে গিয়ে এখন বড় বড় কথা বলে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে।’
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তিনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিএনপির নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ন কবির, ফতেহ মোহাম্মদ রেজা রিপন এবং মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ স্থানীয় নেতারা।