
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কোটচাঁদপুর পৌরসভার মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন উত্তরা ইউনিক পরিবহন বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কোটচাঁদপুর হলপাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মো. সুমন (২৭) এবং উপজেলার দুধসরা গ্রামের জয়নালের ছেলে রানা (৩৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়িতে কর্মরত সার্জেন্ট মো. অহিদ মুরাদ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা ৫০ মিনিটে উত্তরা ইউনিক পরিবহন বাস কাউন্টারের সামনে অভিযান চালানো হয়।
পুলিশের দাবি, অভিযানকালে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৬০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার প্রতিটির ওজন আনুমানিক ০.১ গ্রাম করে মোট ওজন ৬ গ্রাম। পুলিশের হিসাবে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২৪ হাজার ৪০০ টাকা।
এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি কোটচাঁদপুর থানার মামলা নম্বর-১৯, তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৬।
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) তবিবুর রহমান দায়িত্ব পালন করছেন। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।