
অনলাইন ডেক্স
‘ভোরের পাখি আগে খাবার পায়’—এই পুরোনো কথাটি এবার যেন ডেটিংয়ের ক্ষেত্রেও খাটছে। অস্ট্রেলিয়ায় প্রথম ডেট হিসেবে রাতের ডিনারের বদলে সকালের নাশতা বা কফির আড্ডায় আগ্রহ বাড়ছে অবিবাহিতদের মধ্যে। খবর নিউইয়র্ক পোস্টের।
কেলগসের এক জরিপে দেখা গেছে, অস্ট্রেলিয়ার ৬৪ শতাংশ সিঙ্গেল প্রথম ডেটে সকালের নাশতা বা কফির জন্য দেখা করতে আগ্রহী। জরিপে অংশ নেওয়া অর্ধেকেরও বেশি মানুষ মনে করেন, আগের তুলনায় এখন ডেটিং করা কঠিন হয়ে উঠেছে।
ডেটিং অ্যাপ নিয়েও রয়েছে অসন্তোষ। ৬৬ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, এসব অ্যাপ সম্পর্কের স্বতঃস্ফূর্ততা ও আন্তরিকতা কমিয়ে দিয়েছে এবং সত্যিকারের যোগাযোগ তৈরি করা কঠিন করে তুলেছে।
এ কারণেই অনেকেই এখন রাতের ডিনার বা ককটেলের বদলে সকালেই দেখা করার পথ বেছে নিচ্ছেন। জরিপে ৩১ শতাংশ সিঙ্গেল বলেছেন, সকালে প্রথম ডেটে গেলে মানসিক চাপ কম থাকে।
যুক্তরাষ্ট্রের ‘দ্য ফাইভ’ অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনায় এমিলি কমপাগনো বলেন, সকালের ডেট তুলনামূলকভাবে কম খরচের এবং সময়ও কম লাগে। ডানা পেরিনো বলেন, ডেট ভালো না হলে সহজেই সেখান থেকে বেরিয়ে আসা যায়। আর ভালো হলে পুরো দিনটিই একসঙ্গে কাটানোর সুযোগ থাকে।
জরিপে ২৩ শতাংশ মানুষ বলেছেন, সকালের ডেটের আরেকটি সুবিধা হলো—এটি চাইলে দিনের বাকি সময়ের স্বতঃস্ফূর্ত কোনো অ্যাডভেঞ্চারে পরিণত হতে পারে।
এ ছাড়া সকালের ডেটের ক্ষেত্রে রাত পর্যন্ত বাইরে থাকার কোনো চাপ থাকে না। কাজ বা ব্যক্তিগত ব্যস্ততার কথা বলে সহজেই বিদায় নেওয়ার সুযোগও থাকে।
সবশেষে বড় কারণ হয়ে উঠেছে খরচ। সাম্প্রতিক বছরগুলোতে ডেটিংয়ের ব্যয় বেড়ে যাওয়ায় রাতের ডিনারের বদলে তুলনামূলক সাশ্রয়ী নাশতা বা কফির আড্ডার দিকে ঝুঁকছেন অনেকে।
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট